প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। কোনও দল বা প্রার্থীকে বঞ্চিত করার ইচ্ছা আমাদের নেই।”
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। সভাটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিস।
সিইসি বলেন, “এনসিপি শাপলা প্রতীক চাইলেও সেটি আমাদের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের সেটি দেওয়া সম্ভব হয়নি। তবে আমি বিশ্বাস করি, এ ইস্যু নির্বাচনে বাধা সৃষ্টি করবে না।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের আন্দোলনে যারা গণতন্ত্রের জন্য লড়েছিলেন, তারাই এখন এনসিপির নেতৃত্বে আছেন। তারা দেশের কল্যাণ চান, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করবেন—এমনটা আমি মনে করি না।”
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, “স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমরা সংবাদকর্মীদের সহযোগিতা চাই, কারণ গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনারাও অংশীদার।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার—কোনো গলদ নেই। নির্বাচন হবে সবার আস্থার ভিত্তিতে। আমি সাংবাদিকদের অনুরোধ করব, তথ্যের ভারসাম্য বজায় রেখে জনগণকে সঠিক বার্তা দিন।”
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিশ্বজুড়ে এটি এখন একটি চ্যালেঞ্জ। এআই কনটেন্টের অর্ধেক উৎস শনাক্ত করা যায় না। তবে আমরা ইন্টারনেট বন্ধের পক্ষপাতী নই; তথ্য প্রবাহ খোলা থাকাই উচিত।”
এর আগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা, সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। এতে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

