কম্বোডিয়ার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জনের বেশি। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে।
স্থানীয় সূত্র ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। এটি ওদ্দার মিনচে প্রদেশ থেকে ফনম পেনের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথে সিয়েম রিপে আরও যাত্রী উঠেছিল।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাসটি চালাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছে চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন। নিহতদের মধ্যে কেউ চালক কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি টেনে তোলা হচ্ছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হয়েছিল, কিন্তু উদ্ধার অভিযান শেষে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়। আহতদের কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জন মারা গেছেন, যা গত বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

