ভালো নেই বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (৮৯)। গত ৪–৫ দিন ধরে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
একটি সূত্রের বরাতে এনডিটিভি জানায়, ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের মতে, উদ্বেগের কিছু নেই এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
চলতি বছরের এপ্রিল মাসে এই তারকা কর্নিয়া প্রতিস্থাপন (আই গ্রাফট সার্জারি) করেছিলেন। সেই সময় হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে ব্যান্ডেজ বাঁধা চোখে হাসিমুখে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় তাকে।
সাংবাদিকদের উদ্দেশে ধর্মেন্দ্র বলেছিলেন,
“আমি একদম শক্ত আছি। ধর্মেন্দ্র এখনো অনেক দম রাখে! আমার চোখে আই গ্রাফট হয়েছে, কিন্তু আমি ঠিক আছি।”
এরপর নিজস্ব ভঙ্গিতে তিনি যোগ করেছিলেন,
“লাভ ইউ, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যানস।”
সম্প্রতি তিনি অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায়।
আগামীতে তাকে দেখা যাবে ‘ইক্কিস’ ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা।
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকা আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

