বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে জবাই করে হত্যা করে মরদেহটি ব্রিজের নিচে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

