রাঙামাটির লংগদু উপজেলার গুইলশাখালী এলাকায় কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে মাসুমা নামের ৫ বছরের এক শিশু।
বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেন। পরিবারের সদস্যদের বাড়ি লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকায়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আছিরউদ্দীনের পরিবার ইঞ্জিনচালিত নৌকাযোগে বাসায় ফেরার পথে আকস্মিক ঝড়-বাতাসের কবলে পড়ে। বাড়ির কাছাকাছি আসতেই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় শিরিনা বেগম নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, “রাতেই দুর্ঘটনা ঘটে, তবে সকাল থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। একজনকে জীবিত এবং দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও এক শিশু নিখোঁজ রয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে।

