বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম রাখা হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ছাড়াও আরও কয়েকটি সামাজিক ও রাষ্ট্রীয় গুরুত্বসম্পন্ন বিষয়।
ড. মাহদী আমিন জানান, দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এই রিল মেকিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিসিয়াল ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে হবে।
তিনি বলেন, “এই প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন।” বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
ড. মাহদী আমিন আরও বলেন, আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিন্তা, প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিযোগিতার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইতিবাচক আলোচনা ও ভাবনাচিন্তার পরিসর তৈরি হবে, যেখানে মানুষ তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে পারবেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

