বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১০ নভেম্বর) দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। এদিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি জানান, এ বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত নেই। খোলামেলা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তবে বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থায়ী কমিটির এক সদস্য জানান, ‘জরুরি’ একটি রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই বৈঠকটি আহ্বান করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে—আগামী জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের প্রসঙ্গসহ দলীয় কৌশল ও মনোনয়ন প্রক্রিয়া বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

