বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যদি রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারিতে, নির্বাচনের আয়োজন করে এবং বড় ধরনের কোনো সংকট বা বিপর্যস্তকর পরিস্থিতি তৈরি না হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রামে নিজ এলাকা সরদার পাড়া জামে মসজিদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তিনি তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। তিনি এটিকে তাদের পারিবারিক ব্যাপার বলেও উল্লেখ করেন।
দলীয় প্রস্তুতি সম্পর্কে রিজভী আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া চলমান হলে দলের সকল স্তরের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

