সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানানো হয়।
স্থিতিশীল নন: শুক্রবার মধ্যরাতে হাসপাতাল থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তিনি বলেন, “শি ইজ নট পারফেক্টলি অলরাইট (তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন)… হয়তো রিকভারি হতেও পারে, ইনশা আল্লাহ।”
চিনতে পারছেন: মির্জা আব্বাস আরও জানান, তাঁরা দূরত্ব রেখে কথা বললেও “ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন। আমাদের সালামের রিপ্লাই দিয়েছেন।”
মেডিকেল বোর্ডের পর্যালোচনা: এর আগে, মধ্যরাতে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি জানান, “আজ মেডিকেল বোর্ড বসেছিল, বোর্ড তার (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার, তারা ব্যবস্থা গ্রহণ করছে।”
গুজব না ছড়ানোর অনুরোধ: বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ভিড় না করার নির্দেশনা: চিকিৎসার সার্বিক কল্যাণের স্বার্থে পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার উদ্বেগ ও আরোগ্য কামনা
শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

