সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. পাবলু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২৯ অক্টোবর) দলীয় শোকজপত্রে স্বাক্ষর করেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী। শোকজে উভয় নেতাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়,ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিন মিয়া ও সাধারণ সম্পাদক পাবলু মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। মতিন মিয়া ও কয়েকজন ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি গঠন করে তদন্ত কার্যক্রমও চলছে।
এদিকে,গত বুধবার সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবলু মিয়া সংবাদ সম্মেলন করে রাম দুলারী নুনিয়ার পক্ষে বক্তব্য দেন। এতে উপজেলা বিএনপির নেতারা বিষয়টি আমলে নেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে শোকজ করেন।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন বলেন,“আমরা তাদের বারবার সতর্ক করেছি,কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে। তাই বাধ্য হয়ে তাদের শোকজ করা হয়েছে।”
উল্লেখ্য,গত সপ্তাহে টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়ার নেতৃত্বে দুই শতাধিক চা শ্রমিক বিএনপিতে যোগ দেন,যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

