জাতীয় নাগরিক পার্টি (এসসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণভোট হবেই— বিএনপি শত বছর অপেক্ষা করলেও তা ঠেকাতে পারবে না।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, “জামায়াতসহ আট দল দাবি আদায় করেই ঘরে ফিরবে। বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজিতে ব্যস্ত। এক বছরে টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার স্বীকৃতি এখন নিজেরাই দিচ্ছে। এই সফলতা নিয়েই কি জনগণের কাছে ভোট চাইবেন?”
তিনি আরও বলেন, সংস্কার চাওয়া এখন সময়ের দাবি। দেশের একটি বড় প্রজন্ম পরিবর্তন ও সংস্কার চায়। বিএনপিকে সেই পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন, বর্তমান নেতৃত্ব তা পারেন না।”
সরকারের দিকেও ইঙ্গিত করে নাসীরুদ্দীন অভিযোগ করেন, ইউনূস সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বেড়ে গেছে। “রাষ্ট্রের এই ফ্যাসিবাদী কাঠামো টেকসই নয়। শিক্ষক, চিকিৎসক, নার্সদের ওপর দমন-পীড়ন চলছে। এখন সবার একটাই প্রশ্ন— সংস্কার প্রয়োজন আছে কি নেই?”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, “যারা এতদিন বঞ্চিত ছিলেন, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণকে একটি কার্যকর স্বাস্থ্য কাঠামো দিতে হবে।”
আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ প্রসঙ্গে তিনি বলেন, “কাল মাঠে থাকবে সব দল। আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট।”

