রিপন মারমা, (কাপ্তাই, রাঙ্গামাটি):
রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনে ঘাগড়া–বড়ইছড়ি সড়কের কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মোঃ মহিবুল্লাহ (২৬) কে আটক করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় কুকিমারা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে চেকপোস্টে কর্তব্যরত বিজিবির সদস্যরা সন্দেহজনকভাবে ঘাগড়া থেকে বড়ইছড়ি যাওয়ার পথে থাকা একটি সিএনজি (চট্টগ্রাম থানা নং-১৪-৮৮৫০) আটক করেন। সিএনজিটি তল্লাশি করে ৮ প্যাকেট দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যা আনুমানিক ৫০ লিটার।
অবৈধ মদ বহনের অভিযোগে সিএনজি চালক মোঃ মহিবুল্লাহকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি এবং ৬০০ টাকা জব্দ করা হয়। চালকের গ্রামের ঠিকানা: পূর্বকোদালা, ডাক+থানা: রাংগুনীয়া, জেলা: চট্টগ্রাম।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, উদ্ধারকৃত মদসহ আটক সিএনজি ও চালককে বিজিবি কর্তৃক কাপ্তাই থানায় নিয়ে আসা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

