মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখলেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে তিনি রচনা করলেন অনন্য এক মাইলফলক। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক ও সতীর্থ মাশরাফি বিন মর্তুজা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, “মুশফিক, দেশের ক্রিকেট বাস্তবতায় এটি অসাধারণ এক অর্জন। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা, নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য। ২০ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে খেলে যাওয়া গর্বের বিষয়।”
তিনি আরও যোগ করেছেন, “আশা করি তোমাকে দেখে তরুণরা অনুপ্রাণিত হবে এবং টেস্টে দীর্ঘ ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে। যতোদিন খেলো, দেশের হয়ে আরও বড় অবদান রাখো।” মজার ছলে মাশরাফি মুশফিককে ‘বান্টু দা’ বলে সম্বোধন করেছেন।
এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ইতোমধ্যেই হাফসেঞ্চুরি অর্জন করেছেন মুশফিক। সেঞ্চুরির কাছাকাছি তিনি আছেন, এবং তিন অঙ্ক স্পর্শ করলে শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়বেন।

