জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো এক চিঠিতে অনূর্ধ্ব–১৯ নারী দল গঠনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, এনএসসির উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখার পর কোনো ধরনের অনিয়মের প্রমাণ তাদের হাতে আসেনি। তারা জানায়, চিঠিটি এমন সময়ে আসে যখন বোর্ড সাধারণ পরিষদ পুনর্গঠন এবং নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। তখন বিভিন্ন বিভাগ নির্বাচন-সম্পর্কিত কাজে যুক্ত থাকায় নিয়মিত কার্যক্রম সীমিত ছিল।
নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে বিসিবি। সেই যাচাইয়ে অনূর্ধ্ব–১৯ নারী দলের স্কোয়াড নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এ ছাড়া অনূর্ধ্ব–১৯ দলের সাবেক ক্রিকেটার রিয়া আক্তার শিখা এনএসসিকে যেসব অতিরিক্ত অভিযোগ পাঠিয়েছেন এবং সম্প্রতি সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত মন্তব্যগুলোর বিষয়েও পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
বিসিবি বলেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়; তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

