বাংলাদেশের তিনটি বড় শিল্প প্রতিষ্ঠান—মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রোফুড ইন্ডাস্ট্রিজ—যুক্তরাষ্ট্র থেকে এক বছরে মোট ১০০ কোটি ডলারের সয়াবিন আমদানি করতে ‘লেটার অব ইন্টেন্ট (এলওআই)’ সই করেছে। এর মধ্যে মেঘনা গ্রুপ একাই ১০ লাখ টন সয়াবিন বীজ আমদানি করবে, যা মোট আমদানির প্রায় অর্ধেক।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন জানান, দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষি। তিনি আরও বলেন, “গত বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ছিল ৭৭৯ মিলিয়ন ডলার। এ বছর তা এক বিলিয়ন ডলারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বাংলাদেশের বাজারের শক্তি ও সম্ভাবনাকে প্রমাণ করে।”
ডেল্টা অ্যাগ্রোফুডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্রের পণ্যের মান সব সময়ই উচ্চ। তিনি আরও উল্লেখ করেন, “এলপিজি, অপরিশোধিত তেল ও সয়াবিন আমদানি বৃদ্ধি করলে দুই দেশের মধ্যে বাণিজ্য ৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।”
মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা বলেন, “আমরা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি করে দেশের খাদ্য ও পশুখাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারব।” সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, “খাদ্য সরবরাহের মান ও টেকসইতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সয়াবিন মূলত ব্রাজিল ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। গত অর্থবছরে মোট ১৭ লাখ ৩৫ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ছিল ৩৫ কোটি ডলারের সয়াবিন।

