নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে শক্তিশালী বোলিং আক্রমণে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে ফেলে নাহিদা-মারুফারা।
হাইব্রিড মডেলের এবারের আসরে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন পেসার মারুফা আক্তার। টানা দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।
প্রাথমিক বিপর্যয়ের পর মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও স্পিনার নাহিদা আক্তারের শিকার হয়ে ফেরেন দুজনই। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে পাকিস্তান। সিদরা নওয়াজ (১৫), আলিয়া রিয়াজ (১৩) এবং অধিনায়ক ফাতিমা সানা (২২) ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
৩৮.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১২৯ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্বর্ণা আক্তার—তিনি মাত্র ৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে, আর নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান নিয়েছেন একটি করে উইকেট।

