চরিত্রের গভীরে ঢুকে নিজেকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে বরাবরই আন্তরিক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের জন্য প্রয়োজন হলে শারীরিক ও মানসিক প্রস্তুতিতে তিনি কোনো আপস করেন না। এর আগেও বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে চরিত্রের দাবিতে নিজেকে বদলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন।
এবার তানিম নূরের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন বাঁধন। সিনেমার সুরমা চরিত্রে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে তিনি প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন।
গতকাল থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমায় যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক মাধ্যমে নিজের প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করেন বাঁধন। তিনি জানান, ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে পৌঁছানোর এই যাত্রা মোটেও সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং জেনেটিক কারণে তাঁর ওজন দ্রুত বেড়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে মাত্র ছয় মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
বাঁধনের ভাষায়, এই পরিবর্তন শুধু শারীরিক নয়; এটি আত্মবিশ্বাস, শক্তি এবং মানসিক সুস্থতার প্রতিফলন। তিনি আরও জানান, এই দীর্ঘ যাত্রায় তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মেয়ে। মেয়ের উৎসাহেই তিনি নিয়মিত শরীরচর্চা করেছেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলেছেন এবং নিজেকে নতুন করে বিশ্বাস করতে শিখেছেন। বাঁধন উল্লেখ করেন, ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হওয়ার ক্ষেত্রেও মেয়ের পরামর্শই প্রভাব ফেলেছে।
সংবাদ সম্মেলনে বাঁধন জানান, তাঁর মেয়ে চেয়েছিলেন তিনি ভিন্ন ধরনের, তুলনামূলক হালকা আবহের সিনেমায় কাজ করুন, যেখানে সবসময় সিরিয়াস বা বিষণ্ন চরিত্রে দেখা যাবে না।
‘বনলতা এক্সপ্রেস’ হুমায়ূন আহমেদের ছোট গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে বাঁধনের বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর ও শ্যামল মাওলা। সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে বাঁধনের আরও দুটি সিনেমার কাজও শেষ হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’-এর শুটিং ও পোস্ট-প্রোডাকশন সম্পন্ন হয়েছে। এই সিনেমায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশে মুক্তি পাবে সিনেমাটি।
সাথেই রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার কাজও শেষ করেছেন বাঁধন, যা বর্তমানে আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রস্তুতিতে রয়েছে।

