রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ১৫-২০ জন যুবক ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে হঠাৎ ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে এলাকা ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া তরুণরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’-এর মতো স্লোগান দেন।
পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

