দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিরতা তৈরির পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৫ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে মোট ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি সংযোজন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। কিছু উগ্রবাদী চিন্তাধারার ব্যক্তিদের ইন্ধন থাকলেও, এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
জাহাঙ্গীর চৌধুরী বলেন, “সরকার শুরু থেকেই সতর্ক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”
এছাড়া খাগড়াছড়িতে সাম্প্রতিক একটি ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি জানান, মেডিকেল পরীক্ষায় ওই অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তাই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
তিনি সবার প্রতি গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

