জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ঢাকায় ‘গোপন’ সফরে এসে একাধিক প্রাইভেট কনসার্টে পারফর্ম করছেন।প্রথমে ১৩ ডিসেম্বর ঢাকা তে তার বড় কনসার্টের আয়োজন করা হয়েছিল। এটি আয়োজন করেছিল ‘মেইন স্টেজ ইনক’ ও সহ-আয়োজক ‘স্পিরিট অব জুলাই’।
পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি, যার মাধ্যমে অর্জিত মোট আয়ের ৪০ শতাংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করার পরিকল্পনা ছিল। এই অর্থ শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় ব্যয় করা হতো। তবে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় কনসার্টটি বাতিল হয়।
তবুও আতিফের ঢাকা সফর বাতিল হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ঢাকায় তিনি একের পর এক প্রাইভেট কনসার্টে পারফর্ম করছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আতিফ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIUB) আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন। ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ অ্যালামনাইদের জন্য খোলা ছিল।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের প্রাইভেট শোতে পারফর্ম করেছেন তিনি। এছাড়া গত ১৭ ডিসেম্বরও আরও একটি প্রাইভেট শোতে পারফর্ম করার খবর পাওয়া গেছে।
আতিফ ছাড়াও কনসার্টে পারফর্ম করার কথা ছিল সংগীত পরিচালক ফুয়াদ, নেমেসিস ব্যান্ড এবং দেশের অন্যান্য শিল্পীদের।

