নাতাশা ছিল সবার চোখে একজন আদর্শ মানুষ। বিশ্ববিদ্যালয়ে সে ছিল প্রথম সারির ছাত্রী, অফিসে নির্ভরযোগ্য সহকর্মী, আর পরিবারে দায়িত্বশীল মেয়ে। তার কাজের প্রতি নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং নিখুঁত পরিকল্পনার কারণে সবাই বলত, তুমি তো সবকিছু সুন্দরভাবে সামলাও। নাতাশা হেসে মাথা নেড়ে বলতেন, যদি করতে হয়, ভালোভাবে করব; নয়তো করবই না।
কিন্তু এই নিখুঁততার আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য চাপ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার মাথায় ঘুরতে থাকত—আজ কি সব কাজ ঠিকভাবে করতে পারব? যদি না পারি, কী হবে? কেউ খুশি না হলে কেমন লাগবে? এই চিন্তাগুলো তাকে এতটাই গ্রাস করেছিল যে ধীরে ধীরে ঘুম হারাতে শুরু করল। মাথাব্যথা, ক্লান্তি এবং এক ধরনের অস্থিরতা তার সঙ্গী হয়ে দাঁড়াল।
একদিন অফিসে একটি ছোট ভুল হয়ে গেল। সহকর্মীরা হাসিমুখে বিষয়টি সামলালেও, নাতাশা নিজেকে ক্ষমা করতে পারল না। রাতে ডায়েরিতে লিখলেন, “আমি ব্যর্থ। আমি যথেষ্ট ভালো না। আমার করা কোন কাজই নিখুঁত হবে না।”
পরবর্তীতে তিনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করলেন। সেখানেই তিনি প্রথমবার শুনলেন—পারফেকশনিজমের দুই ধরণ আছে। একটি হলো স্বাস্থ্যকর পারফেকশনিজম, যা মানুষকে উন্নতির পথে ধাবিত করে। আরেকটি হলো ক্ষতিকর পারফেকশনিজম, যা মানুষকে নিজেকে সমালোচনার ফাঁদে ফেলে দেয়। নাতাশা বুঝতে পারলেন, তিনি দ্বিতীয়টির শিকার।
সাইকিয়াট্রিস্ট তাকে বললেন, “নিজের প্রতি এত কঠোর হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষই ভুল করে। ভুল শেখারই অংশ। ব্যর্থতা মানেই তুমি ব্যর্থ নও।”
ধীরে ধীরে নাতাশা শিখলেন যে সব কাজ নিখুঁত হতে হবে না। ভালোভাবে করা কাজও মূল্যবান। তিনি বড় কাজগুলো ছোট ছোট ধাপে ভাগ করতে শুরু করলেন এবং প্রতিটি ধাপ শেষ হলে নিজেকে উৎসাহ দিতেন।
গবেষণাও প্রমাণ করছে, পারফেকশনিজম মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। Frontiers in Psychiatry-এর একটি গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের উচ্চ মানদণ্ড পূরণ করতে না পারার অনুভূতিতে ভোগেন, তাদের মধ্যে হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপ বেশি দেখা যায়।
মনোবিজ্ঞানী পল হিউইট ও গর্ডন ফ্লেট পারফেকশনিজমকে তিন ভাগে ভাগ করেছেন:
-
সেলফ-ওরিয়েন্টেড পারফেকশনিজম
-
আদার-ওরিয়েন্টেড পারফেকশনিজম
-
সোশ্যালি প্রেসক্রাইবড পারফেকশনিজম
তাদের মতে, পারফেকশনিজম শুধু উন্নতির চেষ্টা নয়, বরং নিজের প্রতি কঠোরতা, যা দীর্ঘমেয়াদী মানসিক অসুস্থতার ঝুঁকি বাড়ায়।
একদিন নাতাশা তার বন্ধুর সাফল্য দেখে নিজেকে ছোট মনে করলেও এবার নিজেকে থামালেন। ডায়েরিতে লিখলেন, “গত মাসে আমি তিনটি বড় কাজ শেষ করেছি। আমি এগিয়ে যাচ্ছি। আমি পারব নিজেকে ঠিক করতে। পারব স্বাভাবিকভাবে বাঁচতে।”
এখন নাতাশা বুঝেছেন—নিখুঁত হওয়ার চেয়ে মানবিক হওয়া বেশি জরুরি। তিনি ব্যর্থতাকে ভয় পেতেন না, বরং তা শেখার সুযোগ হিসেবে দেখেন। সম্পর্কেও তিনি আগের মতো কঠোর নন, খোলামেলা কথোপকথনের মাধ্যমে খাটি সম্পর্ক গড়ে তুলেন।
নাতাশার গল্প আমাদের শেখায়, নিখুঁত হওয়ার চেষ্টায় যদি নিজের স্বাভাবিকতা হারাই, তবে সেই নিখুঁততা আর সাফল্য নয়, বরং এক অদৃশ্য বন্দিত্ব। মুক্তি আসে, যখন আমরা নিজের ইম্পারফেকশনকে গ্রহণ করতে শিখি।

