বিনোদন ডেস্ক:
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। দেশের গুণী তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম।
ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য স্মৃতি, সাফল্য-ব্যর্থতা আর অনাবিষ্কৃত গল্প।
‘স্টার নাইট’-এর আসরে অপি করিমের সেই সব কথা উঠে আসবে। পাশাপাশি সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরাও তাঁকে নিয়ে বলবেন অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানে তাঁর প্রিয় নাটক ও চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে।
আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে। উপস্থাপনা করবেন মৌসুমী মৌ, প্রযোজনায় অজয় পোদ্দার।

