শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদানের দিন একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে হাঁ ভোট দেয়ার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ক্যাম্পেইন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় সৈয়দপুর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পুলিশ বক্সের সামনে থেকে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুইপাশের দোকানদার, পথচারী ও যানবাহন চালকদের মাঝে প্রচারপত্র (হ্যান্ডবিল) বিতরণ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সমন্বয়ক একরামুল হক বিজয়ের নেতৃত্বে আয়োজিত ক্যাম্পেইনে জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি এহসানুল হক সানি, রেড জুলাইয়ের আহবায়ক আলিফ তাহা, সদস্য সচিব তাহা, সারা খাতুনসহ অন্যান নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
উদ্বোধনকালে জানানো হয়, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রয়োজনী রাষ্ট্র কাঠামো সংষ্কার এবং আগামীতে নতুন করে যেন আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে না পারে সেজন্য নীতিমালা প্রণয়নের জন্য গণভোটে হাঁ ভোট দেয়া খুবই জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় ভোটের দিন সাদা ও হলুদ রংয়ের পৃথক দুইটি ব্যালট পেপার দেয়া হবে। হলুদ রংয়ের ব্যালটটিতে হ্যাঁ ও না ভোট দেয়ার অপশন থাকবে। জুলাই সনদের আলোকে আগামীর বাংলাদেশ চালানোর সিদ্ধান্তে একমত হলে হ্যাঁ তে সিল দিতে হবে। এবিষয়ে অনেকে বুঝে উঠতে পারছেন না। তাই এই ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত প্রচার পত্রে বলা হয়েছে, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংষ্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমুহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? (হ্যাঁ/না)
প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো-
ক) নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
গ) সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিনার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রথমমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০ টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংষ্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।
এইসব প্রস্তাবনার বিষয়ে আরো ব্যাপক কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি পাড়া-মহল্লায় চালানো হবে বলে জানান ক্যাম্পেইনকারীরা।

