স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ছোট দেশ সান মারিনো। এই ঘোষণা শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া হয়।
সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি বলেন, “জাতিসংঘের সুপারিশ অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “রাষ্ট্র প্রতিষ্ঠা হলো ফিলিস্তিনি জনগণের অপরিহার্য অধিকার।”
সম্প্রতি জাতিসংঘের এক বৈশ্বিক সম্মেলনে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একাধিক দেশ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকো এই সম্মেলনে অংশগ্রহণ করে। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকোও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

