সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৫ ধরা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরেই।
এটি চলতি মাসে তৃতীয়বারের মতো দেশের স্থলে অনুভূত ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর সাত দিনের ব্যবধানে ২১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ৪.০ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। সুনামগঞ্জের ছাতক ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সাংবাদিকদের জানান, “আজ ৩.৫ মাত্রার ভূমিকম্পটি নিম্ন মাত্রার, তবে এর উৎপত্তিস্থল মনিরামপুর।”
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

