সত্যজিৎ দাস ,(মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আলোচিত হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত আসামির নাম শাকিল আহমদ (২৫)। তিনি কমলগঞ্জ উপজেলার পশ্চিম নন্দগ্রামের বৃন্দাবনপুর এলাকার বাসিন্দা।
পিবিআই মৌলভীবাজার জেলা ইউনিটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব জাফর হোসেন, পিপিএম (সেবা)–এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ডালিম আহম্মদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানাধীন বেড়ীরপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. সাজিদুল হক ও এসআই (নিরস্ত্র) শাহ মোকাদ্দির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল আহমদ স্বীকার করেন,তিনি অন্যান্য আসামিদের সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টার দিকে লিটন মিয়া (২৫)–কে হত্যা করেন। নিহত লিটন মিয়া পশ্চিম নন্দগ্রাম এলাকার বাসিন্দা।
উল্লেখ্য,এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা নং–১১, তারিখ–১১/০৯/২০২৫ খ্রি., জিআর নং–১১৪/২৫ (কমল) রুজু করা হয়, যার ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি। মামলাটিতে এর আগে শাকিল আহমদের আপন বড় ভাই শামীম আহমদ (৩৪)–কে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিটন হত্যা মামলায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সেই জবানবন্দিতে শাকিল আহমদসহ আরও কয়েকজনের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল আহমদকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

