জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই বিষয়ে এবার শুভর পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনন্য মামুন।
২০২৩ সালে সংরক্ষিত কোটার অধীনে আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিল করা হয়, যা শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ঘটনার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, “অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক। ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।”
রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারার অধীনে এই ধরনের প্লট দেওয়া হয় তাদেরকে, যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন। ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে এই প্লট আরিফিন শুভকে বরাদ্দ করা হয়েছিল। এটি মূলত তার বঙ্গবন্ধু সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছিল।
প্লট বাতিলের বিষয়ে এখনও রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি বিনোদন মহলে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

