বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে সম্প্রতি পরিচালক আর. বাল্কি একটি বিশেষ মুহূর্তের কথা শেয়ার করেছেন, যা এখনও তিনি ভুলতে পারেননি। সাইরাস সেসের পডকাস্টে বাল্কি জানান, এক বিজ্ঞাপনের শুটিংয়ে অমিতাভ বচ্চন রাগ সামলাতে পারেননি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বাল্কি বলেন, বিজ্ঞাপনের দৃশ্যটি ছিল সহজ—লনে বসে সংবাদপত্র পড়ছেন অমিতাভ। ঠিক তখনই গাড়ি চালিয়ে হাজির হবেন অভিষেক বচ্চন এবং বলবেন, “বাবা, আমার নতুন গাড়িটা দেখো।” তবে শুটিং সেটে এসে দাঁড়ালো ছোট একটি গাড়ি, যা বিজ্ঞাপনের ব্রিফের সঙ্গে মেলে না।
গাড়িটিকে দেখে অমিতাভ তার সংলাপ ভুলে যান এবং বিরক্তি প্রকাশ শুরু করেন। অভিষেক কিছু বুঝতে না পারলেও বাল্কি বুঝেছিলেন, এভাবে শুটিং চললে বিজ্ঞাপনের ক্ষতি হবে। মুহূর্তটি আরও বিব্রতকর হয়ে ওঠে, যখন অভিষেক আবার বলে, “বাবা, আমার নতুন গাড়িটা দেখো,” এবং অমিতাভ ঘুরে বলেন, “এটা কী বাজে কথা?”—সবকিছুই ক্যামেরায় ধরা পড়ে।
পরের দিন বিজ্ঞাপনটি লঞ্চ করা হলেও প্রত্যাশিত ফল মিলেনি। দর্শকরা অমিতাভ ও অভিষেককে একসঙ্গে দেখেও গাড়ির প্রতি আগ্রহ দেখায়নি। বাল্কি সেদিন বুঝলেন, বিজ্ঞাপনটি বাতিল করা উচিত ছিল।
আর. বাল্কি অমিতাভ ও অভিষেককে নিয়ে ‘চিনি’, ‘পা’, ‘শমিতাভ’ ও ‘ঘুমার’ চলচ্চিত্র নির্মাণ করেছেন। অমিতাভকে সামনে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে, আর অভিষেক বচ্চন অভিনয় করছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়।

