ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি ও এলডিপি যোগ দেওয়ায় জোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে দশটি। রোববার (২৮ ডিসেম্বর) এই তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জোটের মূল লক্ষ্য হলো ‘একটি মজবুত নির্বাচনি সমঝোতা’। তিনি বলেন, “এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের সঙ্গে এই সমঝোতায় যুক্ত হয়েছেন। আজ রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা ঘোষণা করা হয়েছে।”
জামায়াতের আমির বলেন, “আমরা কী ভিত্তিতে একত্রিত হয়েছি? লক্ষ্য হলো নির্বাচনে শক্তিশালী সমঝোতা তৈরি করা। সারা দেশের তিনশ আসনে আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে আসন বণ্টন প্রক্রিয়া শুরু করেছি। কিছু কিছু আসনের বিষয় এখনও চূড়ান্ত হয়নি, তবে মনোনয়ন জমার পর তা চূড়ান্ত হবে। এতে কোনো সমস্যা হবে না।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমাদের হাতে দেড় মাসের কম সময় বাকি আছে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার অঙ্গীকারবদ্ধ। ভোটের তারিখ যেন পরিবর্তিত না হয়, সেই জন্য সহযোগিতা প্রয়োজন। এখনো সকলের জন্য সমান ও সমতল মাঠ তৈরি হয়নি। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের ব্যতিক্রম জাতি মানবে না।”
উল্লেখ্য, এনসিপি ও এলডিপির সঙ্গে জোটের অন্যান্য দলগুলো হল – খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং নেজামে ইসলাম পার্টি। তবে কোন দল কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

