দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত জরুরি প্রেক্ষাপট বিবেচনায় পূর্বনির্ধারিত সব দলীয় কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জননিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, বর্তমান রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দলীয় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বঘোষিত একটি অনুষ্ঠান। একই সঙ্গে বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচিটিও আপাতত স্থগিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় করণীয় নির্ধারণে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলটি।
দলীয় ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা, বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটছে, তার প্রভাবেই বিএনপির এই সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর এবং গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনাগুলো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির জরুরি বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যম কার্যালয়ে হামলা, রাজনৈতিক সহিংসতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের পরিস্থিতি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলের ভূমিকা কী হবে, সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
বিশেষ করে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ও কঠোর অবস্থান ঘোষণা করা হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের সংযত ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের পরিস্থিতি ও দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

