ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ হয়ে হাবিবুর রহমান (৭০) নামের এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে।
কারারক্ষী মো. শহিদুল জানিয়েছেন, সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ঢামেকে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

