লালমনিরহাটের হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনের মরদেহ একই আড়ায় ঝুলছিল এবং কোমড় বেঁধে রাখা ওড়না দিয়ে বাধা দেওয়া ছিল। সোমবার রাতে উপজেলার কুমারপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন অলি আহম্মেদ (৪০) ও তার স্ত্রী ছকিনা বেগম। অলি আহম্মেদ ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে অলি ও ছকিনার মধ্যে পারিবারিক ঝগড়া চলছিল। সোমবার দুপুরে পুনরায় ঝগড়া হওয়ার পর সন্ধ্যার পর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

