মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। তাই পূজা চলাকালে সারাদেশেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাবের টহল জোরদার থাকবে। যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, এবং পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় শিবচর থানার ওসি, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।

