মো:দিল,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যালয় উদ্বোধনের পর থেকেই তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দিয়ে আসছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন জামতল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আব্দুল আল মামুন। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রম সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
তবে জামায়াতের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের মধ্যপাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন তিনি বলেন, আমরা সবাইকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, তিনি নিজে ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং বিষয়টি কামারখন্দ জুডিশিয়াল ইনকোয়ারিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

