ললমনিরহাট প্রতিনিধি:
‘৭১ রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবি’র (১৯৫৭ – ২০১৮) ৭ম মৃত্যু বার্ষিকী। ২০১৮ খ্রীঃ ১ডিসেম্বর মৃত্যু বরণ করেন। ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন
১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর ৩৯৪।
তারামন বিবির কিশোরবেলার স্বপ্ন ছিল। রোজগেরে গিন্নি হওয়ার। গোলাভরা ধান ছিল, ঐশ্বর্য্য ছিল। ৭১ এ- পাকিস্তানি মিলিটারি এসে তছনছ করে দিয়েছিল সব। সেই ঘরছাড়া কিশোরী মেয়ে মায়ের সাথে ভিক্ষে করতেন। কচুর মাথা সেদ্ধ করে পেট চালাতেন।
অন্য গাঁয়ে শরনার্থী হওয়ার পর কাজ পেলেন,মুক্তিযোদ্ধাদের ভাত রেঁধে দেয়ার চুক্তি হিসেবে। কমান্ডার আজিজ এর কথায় রাজি হয়ে তারামন বিবি ভাত রাঁধবার চাকরি নিয়েছিলেন, পেটের তাগিদে। নিরাপত্তার খাতিরে।
মুক্তিযোদ্ধাদের কমান্ডার আজিজ মাস্টার তাকে নিজের ‘ধর্ম মেয়ে’ বানিয়ে বলেছিলেন- পাকিদের ক্যাম্পে প্রতিদিন ধর্ষিতা বোনদের জন্য হলেও উনি যেন মুক্তিযোদ্ধা ভাইদের এটুকু সাহায্য করেন। এমনিতেও রাজাকাররা মেয়েদের পেলে ধরে নিয়ে যাচ্ছে।
’৭১ এ চৌদ্দ বছর বয়সের এক কিশোরী কমান্ডারের নির্দেশে- একটা কলাগাছ বুকে নিয়ে নদী পার হয়ে পাকিস্তানি ক্যাম্পে যেত গুপ্তচর হিসেবে।
সারা রাত নদী সাঁতরে ওই একা কিশোরী খরস্রোতা নদী পার হলেন। শত্রু শিবির কাছেই।
নোংরা কাপড় আর চুলের মধ্যে কাদা মেখে ‘পাগলীর’বেশ ধরলেন। সারা শরীরে পায়খানা মেখে ঘুরতে থাকলেন ক্যাম্পের আশেপাশে। চারদিকে বমি আসার মতো নোংরা দুর্গন্ধ আর চিৎকার চেচামেচি করে মিলিটারি ক্যাম্পের সবাইকে বুঝালেন- তিনি আসলেই পাগলীনি।
দিন দিন এভাবেই- তারামন বিবি পাকিস্তানি ক্যাম্পের সমস্ত খবরাখবর নিয়ে আসতেন। কতগুলো অস্ত্র আছে। কয়টা মেয়ে ক্যাম্পে প্রতিদিন ধর্ষিত হচ্ছে। পাকিস্তানি আর রাজাকাররা কোথায় ক’টায় অপারেশন চালাবে।
সমস্ত খবর তিনি পাচার করে দিতেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে।
যুদ্ধের গুলাগুলির মধ্যে গেরিলাদের ভাত রেঁধে দিচ্ছে এক ১৪ বছরের কিশোরী। ভাইদের প্রয়োজনে- পাকিস্তানি ক্যাম্পে শরীরে পায়খানা মেখে পাগলিনী বেশে গুপ্তচর দিন কাটাচ্ছেন সেই তারামন বিবি। ১৪ বছরের ছিপছিপে তরুণী দিনের পর দিন নোংরা ডোবার মধ্যে দিয়ে রেকি করছেন।
গাছের ডগায় উঠে পাকিদের অস্ত্র গুণতে থাকা এক চঞ্চল জেদী তরুণী, রান্নার মাঝে একদিন ভারী অস্ত্র হাতে নিয়েছিলেন, পৃথিবীর সেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রুসৈন্যের বুকের দিকে তাক করে গুলিও চালিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের রণাংগনে অস্ত্র চালনা করা পাগলীনি বেশে গুপ্তচরবৃত্তি করা বীর প্রতীক বিবি। এই দেশ তাকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে?

