শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৭১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসে কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে, তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসব ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনী সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের ২ থেকে ২৩ তারিখের মধ্যে সংঘটিত নয়টি ঘটনায় তিনটিতে জিডি ও ছয়টিতে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের দৃঢ়প্রতিজ্ঞ শারদীয় উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা এবং সুষ্ঠু উদযাপন নিশ্চিত করা।

