মোঃ ইকরাম হাসান ,(দাউদকান্দি প্রতিনিধি):
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ধীতপুত গ্রামে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা একটার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা ধীতপুর এলাকায় মহাসড়কে ব্যানার হাতে ঝটিকা মিছিল করেন। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানারটি নিয়ে তারা কয়েক মিনিটের জন্য মহাসড়কে অবস্থান নেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বিএনপির দৃষ্টিগোচর হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পরবর্তীতে গতকাল রাতেই দাউদকান্দি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযানে এজাহারনামীয় তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,
মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ,
স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল,
এবং ছাত্রলীগের চার কর্মী, যাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, “ঘটনার পর নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আজ দুপুরে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ঝটিকা মিছিল এবং এর পরবর্তী উত্তেজনার কারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

