রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপানের উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলে ছোট সুনামির ঢেউ দেখা দিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা ইওয়াতের উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে, যে কোনো মুহূর্তে ঢেউ আঘাত হানতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬.৮ পরিমাপ করেছে।
ভূমিকম্পের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও আঘাত হেনেছে। এর আগে সকালে ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়, যা ভূমিতে খুব তেমন অনুভূত হয়নি।
২০১১ সালের সমুদ্র তলদেশের ৯.০ মাত্রার ভূমিকম্প এবং সুনামির স্মৃতি এখনও এই অঞ্চলকে সতর্ক করে রাখছে। জাপান ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর প্রায় ১,৫০০টি ভূমিকম্প দেশটিতে অনুভূত হয়।

