৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং স্থগিতের কোনো সুযোগ নেই।
একদল চাকরিপ্রার্থী ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সরকারি চাকরির পরীক্ষা স্থগিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। তবে পিএসসি স্পষ্ট জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিত হবে না।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “বিসিএস পরীক্ষা পূর্বঘোষিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। কমিশন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”
এবারের ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা পূর্বের পরীক্ষার তুলনায় কম। ৪৭তম বিসিএসে আবেদনকারী ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

