গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে এডিস মশাবাহিত এই রোগে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৫৩,১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক করে জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ রোধে নিজ নিজ এলাকায় পানি জমে না রাখতে হবে এবং মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

