মো. নাছির উদ্দিন, (চাঁদপুর):
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে জেলার দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে ৯ ও ১০ অক্টোবর পৃথক দুটি অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় ১০ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে।
স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালিয়ে যোদ্ধা আলাউদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে, ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার চরছন্না এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ওই অভিযানে মোঃ আক্তার হোসেন গাজী (৪৮) ও মোঃ রুবেল (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে
আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৯৯ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান যৌথ বাহিনী।

