মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মাসুদ বেপারীর স্ত্রী লাকী আক্তার (২৮), বিলডাঙ্গা কৃমততলা এলাকার মনোয়ার শেখের ছেলে সোহান হোসেন এবং উত্তর দৌলতদিয়া, ১নং ফেরিঘাট মজিদ শেখের পাড়ার মো. একেন সিকদারের ছেলে ইয়াছিন ওরফে এছেম সিকদার (৪০)। এর মধ্যে লাকী আক্তার নিয়মিত মামলায়, সোহান হোসেন জিআর ও ইয়াছিন ওরফে এছেম সিকদারকে সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আজ দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

