উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:
‘রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ২৯তম বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সিলেট মহানগরীর উপশহর ই-ব্লক পয়েন্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ তারেক আহমদ-এর তত্বাবধানে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ শাহান, সহ-প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক ঈমন, মহিলা সম্পাদক জেসমিন বেগম ও অন্যান্য কর্মকর্তা।
প্রধান অতিথি মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, “রক্ত দিন, জীবন বাঁচান। আমাদের দেশে অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। প্রত্যেকের রক্তের গ্রুপ জানা থাকা জরুরি। এক ফোঁটা রক্তে একজন মুমূর্ষু রোগী বাঁচতে পারে। তাই রক্তের গ্রুপ জানা এবং প্রয়োজনে রক্তদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ক্যাম্পেইনে ১৫০-এর বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে এ ধরনের ব্লাড ক্যাম্পেইন চালিয়ে সকল মানুষকে নিজের রক্তের গ্রুপ জানা এবং রক্ত সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। তারা আরও বলেন, যে কেউ চাইলে এই মানবিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
সংগঠন আশা করছে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সিলেটে এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব হবে, যেখানে রক্তের অভাবে কোনো মানুষকে মারা যেতে হবে না।

