গত বছরের জুলাই-আগস্টে বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন ২০ জন শিক্ষার্থীকে আজীবন ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সকলেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
বিস্তারিত অনুসারে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া, রুমে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, ২ থেকে ৪ সেমিস্টারের জন্য ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান জানান, অস্ত্র রাখার অভিযোগে কিছু শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের প্রস্তাব ছিল। কিন্তু যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, অনেকের ভর্তি থাকা অবস্থায় তারা এক রুমে থাকলেও প্রকৃতপক্ষে অন্য রুমে অবস্থান করেছিল। তাই তাদের অবিচারের শিকার না করে খালাস দেওয়া হয়েছে।

