ফেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার হাফেজিয়া এলাকায় যাত্রীবাহী বাস পিছন থেকে বালুবাহী ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলাম (৩৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মো. রফিক (৬০)। রবিউল ছিলেন বাসের সুপারভাইজার এবং রফিক চালকের সহকারী।
হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজার গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

