সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জেটি রোড সংলগ্ন শ্মশান এলাকায় সাপটি প্রথম দেখতে পান কয়েকজন শ্রমিক।
শ্রমিক ও স্থানীয়রা জানান,শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে হঠাৎ ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন তারা। কাছে গিয়ে একটি বিশাল অজগর দেখে আতঙ্কে দ্রুত সরে যান এবং স্থানীয়দের খবর দেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির উপস্থিতি নিশ্চিত করেন।
স্বপন দেব সজল জানান,অজগরটির ওজন আনুমানিক ২৪-২৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। এটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পরিবেশ কর্মী রাজদীপ জানান,বনাঞ্চল ও ঝোপঝাড় ধ্বংস হওয়ায় এবং খাদ্যের সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান,অজগর সাধারণত নিরীহ ও আক্রমণাত্মক নয়। কিন্তু হঠাৎ উপস্থিতিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তাই এমন পরিস্থিতিতে ভীত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন বিভাগকে অবহিত করার পরামর্শ দিয়েছেন তারা।

