মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতিদ্বন্দ্বী ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
এদিন দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত এম.এ.মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি) জাতীয় পার্টি মনোনীত মোঃ মোক্তার হোসেন (লাঙল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মোঃ আনোয়ার হোসেন (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মিসবাহ উদ্দিন (হাত পাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত ইলোরা খাতুন (তারা), আম জনতার দল মনোনীত আসাদুল হক (প্রজাপতি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত আবু জাফর মোঃ আনোয়ারুস সাদাত (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) , স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার)।
জানা গেছে, এ আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই কালে বিএনপি নেতা শফিকুল ইসলাম সালামের মনোনয়নপত্র বাতিল হয়। অন্যদিকে ১০ দলীয় জোটের শরীক দল এনসিপি এ আসনে জোটের প্রার্থী হওয়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ১১ জন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাশফিকা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জামাতে ইসলামের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ আসন গঠিত ।

