বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামকান্তপুর গ্রামের কুদ্দুস তালুকদার ও ওসমান তালুকদার—এই দুই মাতব্বরের নেতৃত্বে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় প্রভাব বিস্তার ও আধিপত্যের জেরে সোমবার সকালে উভয় গ্রুপের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র—ঢাল, কাতরা, টেটা, শরকি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দু’ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এতে অংশ নেয় বলে জানা গেছে। এ সময় নারী ও শিশুদের আতঙ্কে পালাতে দেখা যায়।
সালথা থানার পরিদর্শক (ওসি তদন্ত) বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

