কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, আগুন রাত প্রায় ৩টায় লেগেছিল। কিন্তু ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

