সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখা উপজেলায় শনিবার (১৬ আগস্ট) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। স্থানীয় আব্দুর রহমান কনভেনশন হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বক্তব্যে তিনি বলেন,“বিএনপি সেই দল যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায়নি। বিএনপি জনগণকে ভয় পায় না,কারণ জনগণের সঙ্গে চলার দল আমরা। কেউ কেউ বিএনপিকে খারাপ আখ্যা দেন,কিন্তু নিজেদের আয়নায় তারা দেখে না। যারা ধর্মের কথা বলেন,তাদের বক্তব্যের সঙ্গে ধর্মের সঙ্গতি থাকে না।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনও বক্তব্য দেন।
দীর্ঘ সময় পর উপজেলা সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সভাপতি পদে মোঃ আব্দুল হাফিজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি,যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭১০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

